চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পাশাপাশি অনিশ্চিত হয়ে পড়ে সাকিব আল হাসান–এর আন্তর্জাতিক ক্রিকেট ভবিষ্যৎও। দীর্ঘ সময় দেশে না ফেরায় জাতীয় দলের জার্সিতেও দেখা যায়নি তাকে।
তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ জয়ের পর আবারও আলোচনায় এসেছে সাকিবের জাতীয় দলে ফেরা। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জানিয়েছেন, সাকিবের দলে ফেরা পুরোপুরি নির্ভর করবে তার ফর্ম ও ফিটনেসের ওপর, রাজনীতির ওপর নয়।
দেশীয় ইংরেজি দৈনিক The Daily Sun সূত্রের বরাতে জানিয়েছে, সাকিবকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও দেখা যেতে পারে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাননি এই অলরাউন্ডার। তার ভাষ্য, “আপনারা অনেক দূর চিন্তা করে ফেলেছেন। সামনে কী হয়, দেখা যাক।”
অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেই তাকে ফেরানোর চেষ্টা চলছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, দেশে ফিরে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে শুধু ওয়ানডেতে মনোযোগ দিতে পারেন সাকিব এবং ২০২৭ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা রয়েছে তার।
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে সাকিব শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে। দীর্ঘ বিরতির পর তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আশাবাদী ভক্তরা।