ফরিদপুর জেলার চারটি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফলে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১টা ১৫ মিনিটের দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা নিজ কার্যালয়ের প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন। তিনি জানান, কেন্দ্রভিত্তিক ফলাফলের পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটও চূড়ান্ত ফলাফলে যুক্ত করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এ আসনে মোট ১৯৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শাহ মো. আকরাম আলী পান ৮৯ হাজার ৩০৫ ভোট। এ আসনে ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফ ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুত তাওয়াব পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।
ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সারোয়ার হোসেন পান ৭৫ হাজার ৮০৫ ভোট।
ফলাফল ঘোষণা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
