0
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অভ্যন্তরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।
বৈঠকে তারা বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও বৈচিত্র্যময় করার ওপর জোর দেওয়া হয়।
বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়েছে।
তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন। এছাড়াও, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারণের সম্ভাবনা বিনিময় করা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী এবং ব্রিটিশ হাইকমিশনার উভয়েই বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।