ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী Shama Obaed Islam। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই ভিসা সমস্যাগুলো সম্পর্কে অবগত রয়েছে এবং এগুলো কীভাবে দ্রুত সমাধান করা যায়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “ভিসার বিষয়ে আমরা অবগত আছি। এটা নিয়ে কাজ করছি। সামনে কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায়, সেটি নিয়েও আমরা পরিকল্পনা করছি।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নিয়েছে এবং এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করছে। গণতান্ত্রিক পররাষ্ট্রনীতির অংশ হিসেবে বাংলাদেশ সব দেশের সঙ্গে সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়।
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে আমরা সব দেশের সঙ্গে যোগাযোগ রাখব, কথা বলব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। সিদ্ধান্ত গ্রহণে শুধু পররাষ্ট্র মন্ত্রণালয় নয়, সব দল-মত-ধর্ম-বর্ণ এবং সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করার চেষ্টা থাকবে।”
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে চ্যালেঞ্জ রয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সব দেশের সঙ্গেই আমাদের কিছু না কিছু চ্যালেঞ্জ ও ইস্যু আছে। সেগুলো সমাধানে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিকভাবে কাজ করতে হবে। আমরা বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশগামী কর্মী, শিক্ষার্থী ও ভ্রমণকারীদের দীর্ঘদিনের ভিসা ভোগান্তি কমে আসবে।