0
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ দেশের সাত জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২০ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন মোতায়েন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।
উপরন্তু, বিজিবি সদস্যরা বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিভিত্তিক নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, বডি-ওয়ার্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ভিডিও ফুটেজ ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্তে তাদের নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিজিবি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কাজকর্ম বিনা বাধায় সহজতর করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।