হঠাৎ করেই বড় ধাক্কা খেল ভারতের বেসরকারি বিমান সংস্থা স্পাইসজেট। দীর্ঘদিনের বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংস্থাটির জন্য বাংলাদেশের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে স্পাইসজেটের বিমানগুলো আর সরাসরি বাংলাদেশের ওপর দিয়ে চলাচল করতে পারছে না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে কোনো বিদেশি বিমান সংস্থাকে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করলে নির্ধারিত ‘ওভারফ্লাইট চার্জ’ পরিশোধ করতে হয়। কিন্তু বারবার নোটিশ ও তাগাদা দেওয়ার পরও পাওনা পরিশোধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্পাইসজেট। শেষ পর্যন্ত কঠোর অবস্থানে যায় নিয়ন্ত্রক সংস্থাটি।
এই নিষেধাজ্ঞার প্রভাব সরাসরি পড়েছে ফ্লাইট পরিচালনায়। এখন বিকল্প ও দীর্ঘ রুট ব্যবহার করতে হচ্ছে স্পাইসজেটকে। এতে প্রতিটি ফ্লাইটের দূরত্ব ও সময় বেড়ে যাচ্ছে, পাশাপাশি জ্বালানি ও পরিচালন ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে।
ফ্লাইট ট্র্যাকিং বিশ্লেষণে দেখা গেছে, কলকাতা থেকে গুয়াহাটি ও ইম্ফলগামী ফ্লাইটগুলো এখন বাংলাদেশের আকাশসীমা এড়িয়ে ঘুরপথে চলাচল করছে। আগে বাংলাদেশের করিডোর ব্যবহার করলে সময় ও জ্বালানি দুটোই সাশ্রয় হতো, কিন্তু নতুন রুটে যাত্রীরা বাড়তি সময় ভোগান্তিতে পড়ছেন।
ইতোমধ্যে আর্থিক সংকটে থাকা স্পাইসজেটের জন্য এই সিদ্ধান্ত নতুন করে বড় চাপ তৈরি করেছে। বাড়তি জ্বালানি ব্যয় ও অপারেশন খরচ তাদের লোকসানের বোঝা আরও ভারী করবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
বকেয়া পরিশোধ করে পুনরায় অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতের পূর্বাঞ্চলীয় রুটে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করা স্পাইসজেটের জন্য কঠিন হয়ে পড়বে বলেই ধারণা করা হচ্ছে।