ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা রেল যোগাযোগ পুনরায় চালুর বিষয়ে সরকার সক্রিয়ভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, দেশের স্বার্থ বিবেচনায় আগামী ১৫ দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, দুই দেশের মধ্যে রেল সংযোগ চালু হলে বাণিজ্য, যাত্রী চলাচল এবং আঞ্চলিক যোগাযোগে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।
রেল খাতের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, দীর্ঘসূত্রতা ও সমন্বয়হীনতার কারণে অনেক প্রকল্প শেষ হয়েও সেবা চালু করা সম্ভব হয়নি। কোথাও রেললাইন প্রস্তুত থাকলেও ইঞ্জিন ও বগির অভাবে ট্রেন চলেনি, আবার কোথাও ইঞ্জিন থাকলেও পর্যাপ্ত কোচের সংকট রয়েছে।
মন্ত্রী আরও জানান, রেল খাতকে আধুনিক ও স্বনির্ভর করতে দেশের ভেতরেই ইঞ্জিন ও বগি তৈরির সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় এনে দ্রুত প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রাসময় কমানো, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সেবার মান উন্নয়ন এবং ঈদকেন্দ্রিক অতিরিক্ত টিকিট ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করার দিকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ পুনরায় চালু হলে যাত্রীসেবা যেমন সহজ হবে, তেমনি দুই দেশের বাণিজ্য ও অর্থনীতিতেও নতুন গতি আসবে।