বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরতে যাচ্ছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস। এতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পর্যটনসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা আবার চালু হওয়ার আশা তৈরি হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রেসক্লাব–এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা সীমিত আকারে চালু থাকলেও অন্যান্য ভিসা ক্যাটাগরি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে সেগুলো পুনরায় চালুর জন্য জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসবে।
তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে। দুই দেশের সাধারণ মানুষই এই সম্পর্কের মূল শক্তি। ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধনে দুই দেশ বহু আগে থেকেই এক সুতোয় গাঁথা।
কূটনৈতিক মহলের মতে, ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও ব্যবসায়িক ভ্রমণ আরও সহজ হবে। এতে দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে বলেও আশা করা হচ্ছে।