মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলার ঘোষণা ইরানের/ ফাইল ছবি: আইআরএনএ
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলে জানিয়েছেন, ইরান থেকে দুটি ক্ষেপণাস্ত্র সাইপ্রাসের দিকে নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে।
তিনি বলেন, আমরা মনে করি না ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে একটি শাসনব্যবস্থা গোটা অঞ্চলে ব্যাপকভাবে আক্রমণাত্মক আচরণ করছে, যা থেকে বাস্তব ও ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে আমাদের পদক্ষেপ নিতে হবে।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, শনিবার ইরানের হামলার কিছু ক্ষেপণাস্ত্র বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ দূরত্বে আঘাত হানে।
এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তারা এ অঞ্চলে ষষ্ঠ ধাপের হামলা চালাচ্ছে।
আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে বৃহৎ পরিসরের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়া এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।