সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি: পিএমও বাংলাদেশ ফেসবুক পেজ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-কে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশপ্রেম ও পেশাদারিত্বে আনসার ও ভিডিপির নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া সরকারপ্রধান জনগণের স্বার্থে সেবামূলক কাজ অব্যাহত রাখতে বাহিনীর সব সদস্যের প্রতি আহ্বান জানান।

এ সময় মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

  • আনসার
  • দেশপ্রেম
  • নিরাপত্তা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভিডিপি
  • মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ
  • সার্বভৌমত্ব