0
নতুন প্রজন্মের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি চালুর উদ্যোগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও তিনি রিডিং সার্কেল, বই পড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিশু-কিশোরদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলার ওপর জোর দেন।
বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাত স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে লালন উৎসব ও নজরুল বর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। ডিসেম্বর থেকে মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন সাংস্কৃতিক উৎসবকে ঘিরে গৃহীত ও প্রস্তাবিত কর্মসূচি সম্পর্কেও তাকে অবহিত করা হয়।
মন্ত্রণালয়ের পরিকল্পনার মধ্যে রয়েছে সার্কাস, গ্রামীণ সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।
জুলাই জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি এবং জাতীয় গ্রন্থ কেন্দ্র সহ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা বৈঠকে তাদের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। এ সময় শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, দেশের সংস্কৃতি হাজার বছরের পুরনো হলেও নতুন প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না। প্রযুক্তির কারণে তরুণ-তরুণীরা বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত ও আকৃষ্ট হচ্ছে। যাইহোক, এর অর্থ এই নয় যে আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলে যাওয়া উচিত। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে কীভাবে তরুণ প্রজন্মের কাছে আরও কার্যকরভাবে উপস্থাপন করা যায় তা বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকেরই অনন্য ক্ষমতা রয়েছে। সবাইকে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের কল্পনা করা বাংলাদেশ গড়তে সামান্য হলেও অবদান রাখা সম্ভব।
বৈঠকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।