Crude Oil, Fossil Fuel, Price, Reduction, Graph
News:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে।
সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার পর দ্রুত কমে আসে। গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক জ্বালানি বাজারে উল্লেখযোগ্য অস্থিরতা দেখা গেছে।
এর আগের দিন আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এই প্রথমবারের মতো তেলের দাম আবারও এত উচ্চতায় পৌঁছায়।
তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলোতে ব্যাপক বিক্রি শুরু হয়। একই সঙ্গে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটও দিনের শুরুতে চাপের মুখে পড়ে।
পরিস্থিতির দিকে নজর রেখে পরে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘প্রায় পুরোপুরি শেষের পথে’। তার এই মন্তব্যের পর বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম কমতে শুরু করে।
সোমবার একসময় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলার পর্যন্ত উঠলেও দিনের শেষে তা কমে ৯৮.৯৬ ডলারে নেমে আসে।
সূত্র: বিবিসি নিউজ