বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ minutes ago

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা।

শৈশবে তাঁর ডাকনাম ছিল ‘খোকা’। সময়ের পরিক্রমায় তিনি হয়ে ওঠেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং পরবর্তীতে ‘বঙ্গবন্ধু’।

কিশোর বয়স থেকেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জ মিশন স্কুলে অষ্টম শ্রেণিতে অধ্যয়নকালে ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়ে তিনি প্রথমবার কারাবরণ করেন।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৬ সালের ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে বাঙালির অধিকার আদায়ের আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।

২৫ মার্চ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী তাঁকে গ্রেপ্তার করে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন এবং ১২ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির এই মহান নেতাকে।

  • ১৭ মার্চ
  • ইতিহাস
  • জন্মবার্ষিকী
  • টুঙ্গিপাড়া
  • বাংলাদেশ
  • শেখ মুজিবুর রহমান
  • স্বাধীনতা