বরিশালে অপসোনিন ফার্মা কারখানায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

লেখক: নিজস্ব প্রতিবেদক । বরিশাল
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি সংগৃহীত

বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মাসিউটিক্যালস (Opsonin Pharma Ltd.)-এর গ্লোবাল ক্যাপসুল উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে কারখানাটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুনের শিখা ছড়িয়ে পড়লে কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বরিশাল সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, কারখানায় বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য বিপুল পরিমাণ কাঠের গুঁড়ি মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত ওই কাঠের গুঁড়ি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, কাঠের গুঁড়ি সহজে দাহ্য হওয়ায় ভেতরে ভেতরে আগুন জ্বলতে থাকতে পারে। তাই আগুন পুরোপুরি নিভে গেছে কি না তা নিশ্চিত করতে এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

  • অগ্নিকাণ্ড
  • অপসোনিন ফার্মা
  • কারখানায় আগুন
  • দুর্ঘটনা
  • ফায়ার সার্ভিস
  • বরিশাল
  • বাংলাদেশ
  • শিল্পকারখানা