ভাঙ্গায় ফিলিং স্টেশন মালিকের ওপর হামলা, প্রতিবাদে দুই পাম্পে তেল সরবরাহ বন্ধ

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ দিন আগে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ফিলিং স্টেশন মালিকের ওপর হামলার প্রতিবাদে দুটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন মালিক পক্ষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন মালিক, শ্রমিক ও সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভাঙ্গা-মাওয়া-খুলনা মহাসড়কের শুয়োদি বাসস্ট্যান্ড সংলগ্ন সিসিবিএল ফিলিং স্টেশনে খোলা বাজারের জ্বালানি তেল বিক্রেতাদের হামলায় মালিক সালমান মুন্সীসহ চার কর্মচারী আহত হন।

আহত সালমান মুন্সীকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মালিক পক্ষ তাদের পরিচালিত ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া ফিলিং স্টেশনসহ দুটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখেছেন।

ফিলিং স্টেশন বন্ধ থাকায় মহাসড়কে চলাচলকারী বাস, ট্রাক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। অনেকেই বাধ্য হয়ে দূরের পাম্প থেকে তেল সংগ্রহ করছেন।

ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ ও সচেতন নাগরিক সমাজ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

  • জ্বালানি সংকট
  • পরিবহন সমস্যা
  • ফরিদপুর
  • ফিলিং স্টেশন হামলা
  • বাংলাদেশ সংবাদ
  • ভাঙ্গা
  • মহাসড়ক