লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুর চরভদ্রাসনের প্রবাসী নারী দীপালি বেগম নিহত

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ minutes ago
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় ফরিদপুরের এক প্রবাসী নারী নিহত হয়েছেন। নিহতের নাম দীপালি বেগম (৩৪)।

গত বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে যে ভবনে তিনি বসবাস করতেন, সেখানে বোমা হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দীপালি বেগম ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাসিন্দা। তিনি শেখ মুবারের মেয়ে। অবিবাহিত দীপালি দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ ছিলেন। জীবিকার তাগিদে প্রায় দুই বছর আগে তিনি লেবাননে গৃহকর্মী হিসেবে কাজ নিতে যান।

দীপালির ছোট বোন লাইজু বেগম জানান, গত ৮ এপ্রিল সকালে শেষবারের মতো তার সঙ্গে কথা হয়েছিল। যুদ্ধ পরিস্থিতি অবনতি হওয়ায় প্রায় এক মাস আগে তিনি লেবাননের চুড় এলাকা থেকে বৈরুতে স্থানান্তরিত হন। সেখানে তার মালিকের পরিবারের সঙ্গে একই ভবনে বসবাস করছিলেন। হামলার সময় ওই ভবনে থাকা দীপালিসহ মোট সাতজন নিহত হন।

পরিবারের সদস্যরা জানান, নিহতদের মরদেহ বর্তমানে লেবানন পুলিশের জিম্মায় রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য সেক ফালু বলেন, ‘পরিবারটি অত্যন্ত দরিদ্র। সংসারের অভাব ঘোচাতে মেয়েটি বিদেশে গিয়েছিল। আমরা চাই দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক।’

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এসেছে। কূটনৈতিক মাধ্যমে মরদেহ দেশে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

  • ইসরায়েল হামলা
  • চরভদ্রাসন
  • দীপালি বেগম
  • প্রবাসী বাংলাদেশি
  • ফরিদপুর সংবাদ
  • বৈরুত
  • মধ্যপ্রাচ্য সংঘাত
  • লেবানন যুদ্ধ