ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর: লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিহত বাংলাদেশি এক নারীর মরদেহ দ্রুত দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নিরাপদ উপায়ে মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামে নিজ বাড়িতে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “লেবাননে বর্তমানে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে ফ্লাইট চলাচল স্বাভাবিক না থাকায় মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও লেবাননে বাংলাদেশ মিশন সমন্বিতভাবে কাজ করছে, যাতে দ্রুত ও নিরাপদভাবে মরদেহ দেশে ফিরিয়ে আনা যায়।”
তিনি আরও জানান, সম্প্রতি লেবাননে একটি ভয়াবহ হামলায় প্রায় ৩০০ জন হতাহত হয়েছেন। ওই হামলায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক বাংলাদেশি নারী একটি পরিবারের সঙ্গে নিহত হন। ইতোমধ্যে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় প্রশাসনও পরিবারটির পাশে রয়েছে।
নিহতের প্রতি শোক জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন এবং তাকে জান্নাত নসিব করেন।”
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যেসব দেশে সংঘাত চলছে, সেসব স্থান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যারা দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও করা হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে কিছু বাংলাদেশিকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমান সংঘাতে বিভিন্ন দেশে এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন, যার মধ্যে এই প্রথম কোনো নারী নিহত হওয়ার ঘটনা ঘটলো।
রেমিট্যান্স যোদ্ধাদের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিদেশ থেকে ফিরে আসা কর্মহীন প্রবাসীদের পুনর্বাসনে সরকার কাজ করছে। তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।