ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। জানা গেছে, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
এর আগে বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে দেশের শিশুদের জন্য হামের টিকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়।
মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ নোটিশ পাঠান। এতে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে হামের টিকার সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে সংক্রমণ বেড়েছে। অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও ঘটছে। কিন্তু এ পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই।
নোটিশে গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করা হয়।
এছাড়া নোটিশে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে—যা অনুযায়ী ইতোমধ্যে রিটটি দায়ের করা হয়েছে।