স্মার্টফোনের যুগে দৈনন্দিন জীবন আরও সহজ হচ্ছে বিভিন্ন অ্যাপের মাধ্যমে। এবার রোজার মাসে ইফতারে কোন মসজিদে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে তা জানা যাবে বিশেষ একটি অ্যাপে।
‘বিরিয়ানি দিবে’ নামে এই অ্যাপটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অ্যাপ ব্যবহারকারীরা রিয়েল টাইমে দেখতে পারবেন কোন মসজিদে আজ ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে।
অ্যাপের মাধ্যমে আগেভাগেই আপডেট পাওয়া যায়, ফলে ইফতারের পরিকল্পনা করা আরও সহজ হয়। এই অভিনব অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স, যিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-তে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ছেন।
সারা বছর ঘরে বা রেস্টুরেন্টে বিরিয়ানি খাওয়ার পরও, রোজার মাসে মসজিদে ইফতারের বিরিয়ানি নিয়ে বিশেষ আগ্রহ থাকে। এই বিষয়টি চিন্তা করে আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স ‘বিরিয়ানি দিবে’ অ্যাপটি তৈরি করেছেন।
অ্যাপে লাইভ লোকেশন সুবিধা থাকায় ব্যবহারকারীরা সহজেই দেখতে পারবেন কোথায় কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে এবং চাইলে নিজেও আপডেট করতে পারবেন। ফলে রোজার মাসে ইফতারের আনন্দ আরও সম্প্রসারিত হবে।