ছবি সংগৃহীত
খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অ্যাম্বুলেন্সের চালক মোল্লা সোহাগ জানান, তিনি আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড়ে যান এবং সেখান থেকে অফিসে ফেরার পথে শিববাড়ি মোড়ে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় তিনি গাড়ির ভেতরে তাপ অনুভব করেন এবং পেছন দিক থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখেন। আগুনের তাপে তার মাথার পেছনের কিছু চুলও পুড়ে যায়। দ্রুত গাড়ি থেকে নেমে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে আদ-দ্বীন হাসপাতালের ম্যানেজার মো. হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও তদন্ত করছে।