মাদারীপুরে গ্যাস সিলিন্ডার ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ১

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ছবি: সংগৃহীত

মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজয় কুমার হাওলাদার বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে। তিনি পিকআপভ্যানের চালক ছিলেন।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত হন পিকআপ চালক ও তার সহকারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

  • অজয় কুমার হাওলাদার
  • গ্যাস সিলিন্ডার ট্রাক
  • ঢাকা-বরিশাল মহাসড়ক
  • পিকআপভ্যান সংঘর্ষ
  • বাংলাদেশ সড়ক দুর্ঘটনা
  • মাদারীপুর দুর্ঘটনা
  • সড়ক দুর্ঘটনা