নড়াইল সদর উপজেলাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। নিহতদের মধ্যে বাবা–ছেলেও রয়েছেন। ঘটনায় অন্তত ৬ থেকে ৭ জন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খলিল গ্রুপের খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, একই পক্ষের ফেরদৌস হোসেন ও তার ছেলে মুন্না শেখ এবং খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও খলিলের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ভোরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
গুরুতর আহত অবস্থায় ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।