ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩৬ বছর পর বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। এর মধ্য দিয়ে ব্রাজিলের বহুল আলোচিত ‘মিশন হেক্সা’ আরও একবার ব্যর্থ হলো।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বল দখলে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। ১৪তম মিনিটে পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে পারেননি ব্রুনো গিমারাইস।
প্রথমার্ধের ৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত শট রুখে দিয়ে নরওয়েকে রক্ষা করেন গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। অন্যদিকে প্রথমার্ধের শেষদিকে নরওয়ের আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে বাঁচান অ্যালিসন বেকার। ফলে বিরতিতে যায় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। ৭০তম মিনিটে ব্রাজিলের হয়ে মাঠে নামেন নেইমার জুনিয়র। একই সময়ে কোচ কার্লো আনচেলত্তি একাধিক পরিবর্তন আনেন। নরওয়েও বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণে গতি বাড়ায়।
এরপর ম্যাচের ৭৯তম মিনিটে আর্লিং হালান্ড দুর্দান্ত হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন। নির্ধারিত সময়ের ৮৯তম মিনিটে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে নিজের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
অতিরিক্ত সময়ে ব্রাজিল পেনাল্টি পেলে সেটি থেকে গোল করেন নেইমার। তবে সেটি কেবল ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে।
আগামী শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কোয়ার্টার ফাইনালে নরওয়ে মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার বিজয়ী দলের।