নিজ জেলায় আসা নিরাপদ ছিল না: পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরের মন্তব্য

লেখক: নিজস্ব প্রতিবেদক । পাটুয়াখালি
প্রকাশ: ৪৩ minutes ago

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বলেছেন, দেড় বছর আগে তার নিজের জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী জেলা পরিষদ পার্কে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন। সুশাসন ও মানুষের অধিকার নিয়ে কথা বলার কারণে তাদের বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে।

তিনি বলেন, “আজ আমি এমপি হয়েছি, প্রতিমন্ত্রী হয়েছি। কিন্তু দেড় বছর আগে, ৫ আগস্টের পূর্বে আমার নিজের জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না।”

রাজনৈতিক প্রসঙ্গে তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন এবং কোনো আপস করেননি। আপস করলে তিনি অনেক আগেই দেশে ফিরতে পারতেন বলেও মন্তব্য করেন নুর।

তিনি দাবি করেন, ৫ তারিখের পর অলিখিতভাবে দেশের নেতা ছিলেন বেগম খালেদা জিয়া এবং বিদেশে থেকেও তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করেছেন। জনগণের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বলেও উল্লেখ করেন।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একই দিনে ৫৮ জেলায় খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতন প্রদান—এসব উদ্যোগ সরকারের জনবান্ধব মনোভাবের প্রমাণ।

সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন সভায় দলমত নির্বিশেষে জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করার নির্দেশনা দিয়ে থাকেন। সরকার সকলের জন্য কাজ করতে চায় বলেও তিনি জানান।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • ইফতার মাহফিল
  • খালেদা জিয়া
  • গণঅধিকার পরিষদ
  • তারেক রহমান
  • নুরুল হক নুর
  • পটুয়াখালী
  • বাংলাদেশ রাজনীতি
  • বিএনপি
  • রাজনীতি