৭০ বছরে ২২ বছরের তরুণীকে বিয়ে, ভালোবাসা নাকি বিতর্ক? পাকিস্তানি বৃদ্ধের বিয়ে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

নিজের বয়সের তুলনায় প্রায় চার গুণ ছোট এক তরুণীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন পাকিস্তানের ৭০ বছর বয়সী হাকিম বাবর জি। ২২ বছর বয়সী এক নারীর সঙ্গে তার এই বিয়ে ঘিরে অনলাইনে শুরু হয়েছে সমালোচনা, বিতর্ক ও সমর্থনের পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।

জানা যায়, চাকালা স্কিম-থ্রি এলাকায় পারিবারিকভাবে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়। বিয়ের পর কয়েকজন কনটেন্ট নির্মাতা দম্পতির বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বাবর জিকে বলতে শোনা যায়, তাদের সম্পর্ক শুধু পারিবারিক সিদ্ধান্ত ছিল না, বরং পারস্পরিক ভালোবাসার ভিত্তিতেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আগে থেকেই একে অপরকে পছন্দ করতেন। পরবর্তীতে ভালোবাসা তৈরি হলে ধর্মীয় নিয়ম অনুযায়ী নিকাহ সম্পন্ন করা হয়। পাশে থাকা তার নববধূও একই কথা সমর্থন করে জানান, প্রকৃত ভালোবাসার কাছে বয়স কোনো বাধা নয়।

সমালোচনার জবাবে বাবর জি স্পষ্ট ভাষায় বলেন, বয়স কেবল একটি সংখ্যা। মানুষের মন যদি তরুণ থাকে, তবে সম্পর্কের ক্ষেত্রে বয়স বড় বিষয় নয়। তিনি আরও জানান, তিনি তালাকপ্রাপ্ত ছিলেন এবং ধর্মীয় বিধান ও সুন্নাহ অনুসরণ করেই বিয়ে করেছেন। তার দাবি, অবৈধ সম্পর্কে না গিয়ে বৈধ সম্পর্ক গড়াটাই সঠিক পথ।

বাবর জি অভিযোগ করে বলেন, যারা তাকে সমালোচনা করছেন, তাদের অনেকেই নিজের জীবনে অনৈতিক সম্পর্কে জড়িয়ে থাকেন কিন্তু বিয়ের মতো বৈধ সিদ্ধান্ত নিতে চান না। এদিকে তার স্ত্রীও জানান, সঠিক মানুষকে পেলে দেরি না করে বিয়ে করা উচিত।

দম্পতি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর তারা ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন। এরপর নেদারল্যান্ডস সফরেরও পরিকল্পনা রয়েছে তাদের।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল বয়সের বিশাল ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। অন্যদিকে অনেকে বলছেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং অবৈধ সম্পর্কের চেয়ে বৈধ বিয়েকে গুরুত্ব দেওয়াই উত্তম।

সংবাদটি প্রথম প্রকাশ করে পাকিস্তানের সংবাদমাধ্যম Express Tribune।

  • আন্তর্জাতিক সংবাদ
  • পাকিস্তান
  • প্রেমের বিয়ে
  • বয়সের পার্থক্য
  • ভাইরাল বিয়ে
  • সামাজিক যোগাযোগমাধ্যম
  • হাকিম বাবর