সৌদিতে ইরানি হামলার নিন্দা জানাতে যুবরাজ সালমানকে ট্রাম্পের ফোনকল

লেখক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে
ছবি: এসপিএ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাতেই এই ফোনকল করেন ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

এসপিএর তথ্য অনুযায়ী, ফোনালাপে ট্রাম্প সৌদি আরবের বিরুদ্ধে চালানো ‘স্পষ্ট ক্ষেপণাস্ত্র হামলার’ তীব্র নিন্দা জানান। তিনি সৌদি আরবের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিতকারী ইরানি তৎপরতার বিরুদ্ধে রিয়াদের গৃহীত সব পদক্ষেপে ওয়াশিংটনের পূর্ণ সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি।

সিরিয়া, ওমান ও লেবাননের সঙ্গেও আলোচনা

পৃথক আরেক ফোনালাপে চলমান আঞ্চলিক সামরিক উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা করেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এসপিএর আরেক প্রতিবেদনে বলা হয়, আল-শারা সৌদি আরবের প্রতি তার দেশের সংহতি ও সমর্থন ব্যক্ত করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন বা দেশটির নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি যেকোনো হুমকি সিরিয়া প্রত্যাখ্যান করে।

এছাড়া সৌদি যুবরাজ পৃথকভাবে ওমানের সুলতান হাইথাম বিন তারেক এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-এর কাছ থেকেও ফোনকল পান।

আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ উন্নয়ন, বিশেষ করে ইরানের সামরিক উত্তেজনা যা সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে—সে বিষয়ে এসব ফোনালাপে আলোচনা হয়েছে বলে জানিয়েছে এসপিএ।

  • ইরান হামলা
  • এসপিএ
  • ডোনাল্ড ট্রাম্প
  • মধ্যপ্রাচ্য উত্তেজনা
  • মোহাম্মদ বিন সালমান
  • যুক্তরাষ্ট্র
  • সিরিয়া
  • সৌদি আরব