তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন

লেখক: Biplob Khan
প্রকাশ: ১৭ minutes ago


প্রধানমন্ত্রী তারেক রহমান তার সম্মানে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর স্থানীয় সময় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জাপানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কান্তেইতে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ড. জুবাইদা রহমান।

এর আগে বাংলাদেশ ও জাপানের মধ্যে নির্ধারিত উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাপানে চার দিনের সরকারি সফরে রয়েছেন।

সম্মেলনের সময়, দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। তারা বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও মতবিনিময় করেন।

এর আগে সানে তাকাইচি জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইতে তারেক রহমানকে স্বাগত জানান। জাপানের আত্মরক্ষা বাহিনীর একটি দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পরবর্তীতে উভয় দেশের প্রধানমন্ত্রী তাদের নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেন এবং পরবর্তীতে শীর্ষ বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (২৬ অক্টোবর) সকালে টোকিও পৌঁছালে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইয়াসুতাকা নাকাসোনে।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান ইকোনমিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরের প্রথম দিনে তিনি জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী তারো আসো, মারুবেনি কর্পোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকি এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) প্রেসিডেন্ট ডঃ আকিহিকো তানাকার নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দলের সাথে পৃথক বৈঠক করেন।



Source link