1
দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও সুগম করতে সরকার দুটি নতুন থানা এবং দুটি নতুন পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন করে দুটি উপ-জেলার (উপজেলা) প্রশাসনিক সদর দফতর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাব অনুমোদন পায়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে। এছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
একই সভায় বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তিয়াপুর উপজেলায় ‘জৈন্তিয়াপুর’ পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়।
এ ছাড়া ময়মনসিংহ জেলার নবনির্মিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে মিল রেখে পাগলা থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে গঠিত নবনির্মিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মতবি ও চরচামিতা মৌজায় সদর দপ্তর স্থাপনের প্রস্তাব থাকলেও বর্তমানে ১৬৩ নম্বর মৌজা উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর মৌজা হাজিরপাড়া ইউনিয়নের হাজিরপাড়ায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠিত নবসৃষ্ট বাংড়া উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজা থেকে বাংড়া পূর্ব ইউনিয়নের ৪০ নং দক্ষিণ বাংড়া মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব করেছিল। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব পেশ করেছে।