0
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসি চেয়ারম্যান ডাই হেগেন উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।
মংলায় প্রধানমন্ত্রীর সফরসূচীর মধ্যে রয়েছে বন্দর সম্প্রসারণ ও আধুনিকীকরণ প্রকল্পের আওতায় দুটি কন্টেইনার জেটি নির্মাণ এবং সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন।
আশা করা যায়, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারক দেশের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে।