ছবি সংগৃহীত
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা। ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে তারা আগামী ১৫ মার্চ যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, তিন দফা তারিখ পরিবর্তনের পর অবশেষে ১৫ মার্চ সফরের চূড়ান্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই সফরে প্রকল্পটির প্রকল্প পরিচালকসহ মোট আটজন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
তবে যে প্রকল্পের আওতায় এই সফর হচ্ছে, সেই প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, প্রকল্পটির ব্যয় দুই দফায় বাড়িয়ে ২ হাজার ৩৮৮ কোটি টাকা থেকে ৩ হাজার ৪৪৩ কোটি টাকা করা হয়েছে।
এদিকে যে এইচভিএসি সিস্টেম সম্পর্কে প্রশিক্ষণ নিতে কর্মকর্তারা যাচ্ছেন, সেই সিস্টেমের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। আরও জানা গেছে, সফরে যাওয়া কর্মকর্তাদের কেউ সরাসরি হাসপাতাল নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত নন এবং ভবিষ্যতে রক্ষণাবেক্ষণ কার্যক্রমেও তাদের সম্পৃক্ততা থাকার সম্ভাবনা কম। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।
নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান Dunham-Bush এই সফরের সব খরচ বহন করবে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী চিলার ও এইচভিএসি সিস্টেম সরবরাহ করে থাকে এবং বাংলাদেশেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তাদের সিস্টেম ইনস্টল করেছে।