ছবি: সংগৃহীত
রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি ফিলিং স্টেশনে সিরিয়াল ভেঙে তেল নিতে গিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানাও করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পাংশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিফাতুল হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে ফিলিং স্টেশনটিতে অভিযান চালানো হয়। এ সময় সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন উপজেলার যশাই ইউনিয়নের পারভেল্লবাড়িয়া গ্রামের বাসিন্দা মকছেদ প্রামাণিকের ছেলে মো. সৌরভ ইসলাম (২১)।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, জনস্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।