কুষ্টিয়ায় ঈদের নামাজের স্থান নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১২

লেখক: নিজস্ব প্রতিবেদক | কুষ্টিয়া
প্রকাশ: ১ minute ago

ঈদের নামাজের স্থান নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চর এলঙ্গী আচার্য গ্রামে এই ঘটনা ঘটে। এ সংঘর্ষের কারণে গ্রামের অন্তত চার ভাগের তিন ভাগ মানুষই ঈদের নামাজ আদায় করতে পারেননি।

আহতদের মধ্যে শাহিন (৩৫), জিয়া (৩৭), মুসা (৪৫), মন্টু (৫৫), জুয়েল (২৭), রুবেল হোসেন (৩০), আলম (৪৫), গফুর (৪০), শাকিল (২৫), রিপন (২৬), সরোয়ার (৪৫), আশরাফুল (৩৫) ও ফিরোজা খাতুন (৩৩) রয়েছেন। তারা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গড়াই নদীর চরে অবস্থিত এই গ্রামে প্রায় ৫০০ মানুষের বসবাস। তাদের জন্য একটি মসজিদ ও একটি ঈদগাহ মাঠ রয়েছে। শনিবার সকালে গুড়িগুড়ি বৃষ্টির কারণে ঈদগাহ কমিটি সকাল সাড়ে ৮টার পরিবর্তে সাড়ে ৯টায় জামাত নির্ধারণ করে। এ সিদ্ধান্ত নিয়ে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এক পর্যায়ে মন্টু প্রামাণিকের নেতৃত্বে একদল মানুষ মসজিদে ঈদের নামাজ শুরু করে দেন। অপরদিকে ঈদগাহ কমিটির পক্ষ থেকে আলম, গফুর ও শাকিলসহ কয়েকজন ঈদগাহে নামাজ আদায়ের আহ্বান জানান। এ নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের পর মন্টু প্রামাণিকের পক্ষের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহত রুবেল হোসেন অভিযোগ করেন, নামাজের স্থান নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং তাকে গুরুতর আহত করে। অন্যদিকে আহত জুয়েল অভিযোগ অস্বীকার করে বলেন, মসজিদে নামাজ চলাকালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

চর এলঙ্গী আচার্য ঈদগাহ ময়দানের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, আবহাওয়ার কারণে সময় পরিবর্তন করায় বিভ্রান্তি তৈরি হয়। এতে সংঘর্ষের সৃষ্টি হয়ে প্রায় ৪৫০ জন মানুষ নামাজ আদায় করতে পারেননি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নামাজ মসজিদে না ঈদগাহে হবে—এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ঈদের নামাজ বিরোধ
  • কুমারখালী খবর
  • কুষ্টিয়া সংঘর্ষ
  • গ্রাম্য দ্বন্দ্ব
  • নন্দলালপুর ইউনিয়ন
  • নামাজ কেন্দ্রিক সংঘর্ষ