হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারও বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন নামে-বেনামে লেখা চিঠি-চিরকুট পাওয়া গেছে। এসব চিরকুটের মধ্যে একটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ ফুটবল দলকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে চেয়ে এক ফুটবলপ্রেমীর আবেগঘন দোয়াও পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়। প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্সগুলো খুলে গণনা শুরু করলে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। পরে সেগুলো মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে গণনার কাজ শুরু হয়।

গণনার সময় পাওয়া বিভিন্ন চিঠি ও চিরকুটের মধ্যে একটিতে লেখা ছিল, ‘হাদি হত্যার বিচার চাই।’ এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এছাড়া আরেকটি চিঠিতে এক বাংলাদেশি ফুটবলপ্রেমী আল্লাহর কাছে প্রার্থনা করে লিখেছেন, তিনি চান ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা যেন বিশ্বকাপের মঞ্চে উড়ে এবং দেশের ফুটবল আরও এগিয়ে যাক—এমন আকাঙ্ক্ষার কথাও তিনি উল্লেখ করেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত গণনায় প্রায় ১০ কোটি টাকা পাওয়া গেছে। বিরতির পর পুনরায় টাকা গণনার কাজ শুরু হয়েছে।

  • ২০৩০ বিশ্বকাপ
  • কিশোরগঞ্জ
  • চিরকুট
  • জাতীয় সংবাদ
  • দক্ষিণবঙ্গ
  • দানবাক্স
  • পাগলা মসজিদ
  • বাংলাদেশ ফুটবল
  • স্বর্ণালংকার
  • হাদি হত্যার বিচার