ছবি সংগৃহীত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) রাতে উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন ব্যক্তি সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে মারামারিতে রূপ নেয়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে অপর এক ব্যক্তিকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। আহত ব্যক্তিকে পরে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের মধ্যে একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয়। পরে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।