0
কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। আগুনে টুপ টুপ রিসোর্ট সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্র সৈকত এলাকার টুপ টুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা দোলন আচার্য্য ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিসের সন্দেহ, নিহতরা সবাই পর্যটক। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন লাগার এক ঘণ্টা পর সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। আগুন লাগার কারণ ও মোট হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
এদিকে আগুন লাগার পর রিসোর্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে।