ছবি: সংগৃহীত
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে অচলাবস্থার জেরে জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা। বুধবার (১ এপ্রিল) বিকেলে সংসদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে দীর্ঘ আলোচনা চললেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এর প্রতিবাদে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
অনির্ধারিত আলোচনায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আইনমন্ত্রীর বক্তব্যের জবাবে বলেন, আইনমন্ত্রী তার বক্তব্য সঠিকভাবে অনুধাবন করেননি। তিনি বলেন, “আমি বিশ্বাস করতে চাই না যে এটি উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। গতকালের আলোচনার মূল বিষয় ছিল গণভোট ও সংস্কার পরিষদের সভা আহ্বান।”
তিনি আরও বলেন, “সংস্কার পরিষদকে কেন্দ্র করে যদি কোনো বিশেষ কমিটি গঠন করা হয়, তবে আমরা সেটিকে ইতিবাচকভাবে বিবেচনা করব। সেই কমিটিতে সরকারি ও বিরোধী দলের সমান সংখ্যক সদস্য রাখার প্রস্তাব দিয়েছি, যাতে সংকটের কার্যকর সমাধান সম্ভব হয়।”
ডা. শফিকুর রহমান বলেন, “এটি জনআকাঙ্ক্ষার বিষয়। প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত এখানে জড়িত। আমরা স্পিকারের কাছ থেকে একটি স্পষ্ট সিদ্ধান্ত আশা করেছিলাম, কিন্তু সেটি পাইনি।”
এ সময় স্পিকার বলেন, আগের দিনের প্রস্তাবটি ছিল একটি মুলতবি প্রস্তাব, যা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে গৃহীত হয়েছিল। তিনি জানান, দেশের সংসদীয় ইতিহাসে খুব কম সংখ্যক মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে এবং এটি একটি বিরল ঘটনা।
স্পিকার আরও বলেন, সংসদে আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ এখনও রয়েছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও বিরোধী দল যৌথভাবে সিদ্ধান্ত নিতে পারে। তিনি সংসদের কার্যপ্রণালী বিধি মেনে আলোচনা ফলপ্রসূ করার আহ্বান জানান।
উল্লেখ্য, এ ঘটনায় সংসদে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।