মাদকের টাকা যোগাতে লক্ষাধিক ঋণ, পরিশোধে ব্যর্থ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ, স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিকাশ চন্দ্র কর্মকার (৪৮) নামে এক স্বর্ণ ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।

রোববার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশনে রাজশাহী-গোপালগঞ্জ রেললাইনে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জগামী ছিল।

মারা যাওয়া বিকাশ চন্দ্র কর্মকার উপজেলার সাতৈর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কামারহাটি গ্রামের নিতাই চন্দ্র কর্মকারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। তিনি বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে (৮) ও এক মেয়ে (১০) রয়েছে। প্রায় দেড় বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে সন্তানরা তাদের চাচার বাড়িতে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ সাতৈর বাজারে একটি স্বর্ণের গহনা তৈরির দোকান পরিচালনা করতেন। তার ছোট ভাই প্রকাশ চন্দ্র কর্মকার তাকে কাজে সহযোগিতা করতেন। তবে প্রায় ছয় বছর আগে তিনি ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েন।

মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের পরিমাণ লাখ ছাড়িয়ে গেলে প্রায় পাঁচ বছর আগে এলাকা ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তার দোকানটি ছোট ভাই পরিচালনা করছিলেন।

সম্প্রতি ৫-৬ দিন আগে তিনি এলাকায় ফিরে আসেন। ঋণ পরিশোধে অক্ষমতা, স্ত্রীর মৃত্যু এবং পারিবারিক চাপের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সাতৈর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ শফিকুল আজম জানান, হতাশা থেকেই তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • আত্মহত্যা
  • ট্রেন দুর্ঘটনা
  • ফরিদপুর
  • বাংলাদেশ
  • বোয়ালমারী
  • মাদকাসক্তি
  • স্বর্ণ ব্যবসায়ী