ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদির এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ আশরাফুজ্জামান লিটু নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে তাকে আটক করা হয়। আটক আশরাফুজ্জামান লিটু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভবানীপুর গ্রামের ফজলুল হক গাজীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে ‘সাতক্ষীরা লাইন’ নামে একটি বাসে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গায় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে মাদক পরিবহনের একটি গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠেছে। এই রুট ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পাচার করা হচ্ছিল। গত এক মাসে একই এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
সোমবার (২৭ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।