চরভদ্রাসনে পৌঁছাল লেবাননে নিহত দিপালী বেগমের মরদেহ, এক মাস পর স্বজনদের আহাজারি

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৪২ সেকেন্ড আগে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনের লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ দীর্ঘ এক মাস পর দেশে পৌঁছেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁর গ্রামের বাড়ি শালেপুরে মরদেহ পৌঁছায়।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিপালীর মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে মরদেহ গ্রহণ করতে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর বাবা শেখ মুকা, বড় ভাই শেখ ওবায়দুল্লাহ ও ছোট বোন লাইজু আক্তার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত থেকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন দিপালী বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় রফিক হারিরি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে রাতেই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পরিবারের সদস্যরা। ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট পর্যন্ত পৌঁছাতে রাত সাড়ে তিনটা বেজে যায়। পরে ভোর হওয়ার পর ট্রলারে করে চরভদ্রাসনের আদারচর ঘাটে পৌঁছানো হয়। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে মরদেহ নেওয়া হয় পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাড়িতে।

মরদেহ হস্তান্তরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, “কোনো কিছুর বিনিময়ে জীবিত দিপালীকে আর ফেরত আনা যাবে না। আমরা দিপালী বেগমের আত্মার মাগফিরাত কামনা করি। সরকারের পক্ষ থেকে পরিবারের জন্য আরও যা যা করার প্রয়োজন, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।”

মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের নিয়মকানুন ও আনুষ্ঠানিকতা মেনে মরদেহ ফিরিয়ে আনতে সময় লেগেছে। তবে সরকার দ্রুততম সময়ে মরদেহ দেশে আনার চেষ্টা করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দিপালী বেগমকে দাফন করা হবে। দিপালীর ছোট বোন লাইজু আক্তার বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর বোনের লাশটা শেষবারের মতো দেখতে পারছি, এটাই এখন বড় সান্ত্বনা।”

ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী জানান, দাফন খরচ বাবদ বিমানবন্দর থেকেই পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তীতে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

  • ইসরায়েলি হামলা
  • চরভদ্রাসন
  • দিপালী বেগম
  • নারী শ্রমিক
  • প্রবাসী বাংলাদেশি
  • ফরিদপুর
  • বৈরুত
  • মরদেহ দেশে ফেরা
  • লেবানন
  • শামা ওবায়েদ