ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে ফের পিকআপ দুর্ঘটনা, নিহত ২

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪ minutes ago
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৪টা ২০ মিনিটের দিকে ভাঙ্গা উপজেলার আতাদী ব্রিজ এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি পিকআপের চাকা ফেটে যাওয়ায় সেটি এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের বাম পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ চলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির আরেকটি পিকআপ এসে দাঁড়িয়ে থাকা পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই চলন্ত পিকআপটির চালক ও তার সহকারী নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় নিহত দুজনই পুরুষ। তাদের বয়স ৩০ বছরের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত দুটি পিকআপ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার (১৬ মে) ভোররাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায় এক্সপ্রেসওয়েতে একটি পণ্যবাহী ট্রাকের চাকা পরিবর্তনের সময় পেছন থেকে অজ্ঞাত গাড়ির চাপায় ট্রাকচালক ও তার সহকারী ছেলে নিহত হন।

এ ছাড়া গত বুধবার (১৪ মে) দিবাগত রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ছোট পিকআপের ধাক্কায় আরও দুইজন নিহত হন।

গত কয়েকদিনে এক্সপ্রেসওয়ের একই এলাকায় প্রায় একই ধরনের তিনটি দুর্ঘটনায় মোট ছয়জনের মৃত্যু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।

  • আতাদী ব্রিজ
  • এক্সপ্রেসওয়ে
  • ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
  • নিহত
  • পিকআপ দুর্ঘটনা
  • ফরিদপুর
  • ফরিদপুর সংবাদ
  • বাংলাদেশ নিউজ
  • ভাঙ্গা হাইওয়ে থানা
  • সড়ক দুর্ঘটনা
  • হাইওয়ে পুলিশ