ভোলায় অবৈধ অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ২২ minutes ago
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ভোলা: বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে আত্মগোপনের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি ভারতীয় নাগরিক আব্দুল মমিনের (৩২)। ভোলার সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে তাকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুল মমিন ভারতের ত্রিপুরা রাজ্যের সোনাইমুড়া জেলার যাত্রাপুর থানাধীন বাঁশপুকুর গ্রামের বাসিন্দা বসার আলীর ছেলে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বেইস ভোলা অভিযান চালিয়ে খেয়াঘাট ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ওই ভারতীয় নাগরিককে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, গত ৭ এপ্রিল তিনি আত্মগোপনের উদ্দেশ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে এক মাদক পাচারকারী চক্রের সদস্যের সহায়তায় বাংলাদেশে প্রবেশ করেন।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্টগার্ডের নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অবৈধ অনুপ্রবেশ
  • কোস্টগার্ড অভিযান
  • দিনাজপুর বিরামপুর সীমান্ত
  • ভারতীয় নাগরিক আটক
  • ভোলা সংবাদ
  • সীমান্ত পারাপার