‘বিয়ের চাপ দেওয়ায় মা ও মেয়েকে হত্যা করে পরকীয়া প্রেমিক উজ্জল’

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১০ minutes ago
ছবি: সংগৃহীত


ফরিদপুরের সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকায় মা ও পাঁচ বছরের শিশুকন্যাকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিককে বিয়ের চাপ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে জাহানারা আক্তার (৩০) ও তার মেয়ে সামিয়াকে (৫) হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

রোববার (১৭ মে) ফরিদপুর কোতোয়ালি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম।

পুলিশ জানায়, তিন বছর আগে ঢাকার সাভার উপজেলার আমিনবাজার এলাকার একটি ইটভাটায় কাজ করার সময় জাহানারা আক্তারের সঙ্গে উজ্জলের পরিচয় হয়। দুজনই রাজবাড়ীর গোয়ালন্দ এলাকার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং একপর্যায়ে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

বিষয়টি ইটভাটা এলাকায় জানাজানি হলে প্রথমে উজ্জল এবং পরে জাহানারা নিজ নিজ বাড়িতে ফিরে যান। তবে বাড়িতে ফেরার পরও তাদের গোপন যোগাযোগ অব্যাহত থাকে। উজ্জল জাহানারাকে বিয়ের আশ্বাস দেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, গত ৪ মে জাহানারা তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে উজ্জলের সঙ্গে যোগাযোগ করেন। পরে উজ্জলের পরামর্শে তিনি ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকার একটি পুকুরপাড়ে যান। সেখানে বিয়ে নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে জাহানারা সেদিনই বিয়ে না করলে উজ্জলের বাড়িতে গিয়ে ওঠার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ১১টার দিকে উজ্জল প্রথমে জাহানারার বুকে ঘুষি মারেন। এতে তিনি অচেতন হয়ে পড়লে গলা টিপে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ সময় শিশুকন্যা সামিয়া চিৎকার শুরু করলে তাকেও গলা টিপে হত্যা করা হয়। পরে ঘটনাস্থলের পাশে গর্ত খুঁড়ে মা ও মেয়ের মরদেহ মাটি চাপা দিয়ে কলাগাছ দিয়ে ঢেকে রাখা হয়।

অভিযুক্ত উজ্জল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের বকারটিলা গ্রামের কোলপাড়া এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে তার বাড়ির দূরত্ব আনুমানিক ৫০০ গজ। শনিবার (১৬ মে) দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নিহত জাহানারা আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইউনিয়নের কর্নসোনা গ্রামের আমজাদ শেখের স্ত্রী।

গত বৃহস্পতিবার মা ও মেয়ের গলিত মরদেহ উদ্ধারের পর শুক্রবার জাহানারার বাবা লালন মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল বাসার মোল্লা জানান, গ্রেপ্তার উজ্জল আদালতে জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জবানবন্দি না দিলে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করা হবে।

  • উজ্জল
  • গোয়ালন্দ
  • চর মাধবদিয়া
  • জাহানারা আক্তার
  • পরকীয়া
  • পুলিশ সংবাদ
  • ফরিদপুর
  • ফরিদপুর কোতোয়ালি থানা
  • বাংলাদেশ নিউজ
  • মা-মেয়ে হত্যা
  • রাজবাড়ী
  • সামিয়া
  • হত্যা মামলা