ভাঙ্গায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখক: ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ minutes ago
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শেখ রাজু ইসলাম (৩৬) নামে এক প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শেখ রাজু ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মউতলা গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে। কর্মস্থলের বাইরে তিনি ভাঙ্গা পৌরসভার ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সাপ্তাহিক ছুটিতে তিনি স্ত্রী-সন্তানদের কাছে ভাঙ্গায় আসেন। শনিবার দুপুর দেড়টার দিকে বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের চার বছরের মেয়ে আমেনা আক্তার জানায়, তার বাবা পাশে শুয়ে ছিলেন। কিছুক্ষণ পর তাকে পাশে না দেখে পাশের কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার জানান, দুপুর একটার দিকে তিনি বাসায় ফোন করলে মেয়েরা বিষয়টি জানায়। পরে দ্রুত বাসায় এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের জমজ ভাই শেখ আব্দুর রাজ্জাক বলেন, মায়ের ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিনি ভাইয়ের মরদেহ দেখতে পান।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

  • আত্মহত্যা
  • পুলিশ তদন্ত
  • ফরিদপুর
  • বাংলাদেশ নিউজ
  • ভাঙ্গা
  • মরদেহ উদ্ধার
  • শিক্ষা কর্মকর্তা