ছবি: সংগৃহীত
ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে মাছ ধরার বড়শিতে বিলুপ্তপ্রায় মিঠাপানির একটি কুমির ধরা পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা সদর ইউনিয়নের কাজীবাড়ির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিরল এই কুমিরটির খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে মাছ ধরার জন্য পদ্মা নদীতে ‘হাজারি বড়শি’ ফেলেন সাগর বেপারী, স্বপন বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামে চার জেলে। সোমবার সকালে তারা বড়শি তুলতে গিয়ে বড় কোনো মাছের পরিবর্তে পাঁচ ফুটের বেশি লম্বা একটি কুমির আটকা পড়তে দেখেন।
পরে জেলেরা কৌশলে কুমিরটিকে নদীর পাড়ে তুলে আনেন এবং বিষয়টি প্রশাসনকে জানান। বর্তমানে কুমিরটি নিরাপদে বেঁধে রাখা হয়েছে এবং স্থানীয়দের ভিড় লক্ষ্য করা গেছে।
ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। তিনি বলেন, “কুমিরটির দৈর্ঘ্য প্রায় সাড়ে পাঁচ ফুট। এটি মিঠাপানির একটি বিরল প্রজাতির কুমির।”
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কুমিরটিকে পাহারা দেওয়া হচ্ছে। বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে। খুলনা বিভাগীয় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে রওনা দিয়েছেন। তারা পৌঁছানোর পর কুমিরটিকে সংরক্ষণের জন্য নিয়ে যাবেন।