মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের ৩ মরদেহ উদ্ধার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩৬ সেকেন্ড আগে
ছবি: সংগৃহীত

মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায় আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ইশা দাস এবং তাদের আট মাস বয়সী শিশু সন্তান।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাড়িতে তিন বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈর স্ত্রী মিষ্টি বাড়ৈ।

রোববার বিকেলে চাচাতো ভাই পরিচয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ তার পরিবারের সদস্যরা। রাতে খাবার খেয়ে তারা একটি কক্ষে অবস্থান করছিলেন। পরে গভীর রাতে মিষ্টি বাড়ৈ পুলিশকে ফোন দিলে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার সময় পাশের কক্ষে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। তিনিই বিষয়টি পুলিশকে জানিয়েছেন। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে।

পরে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে র‍্যাব-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। হত্যা নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

  • আমিরাবাদ
  • দক্ষিণবঙ্গ
  • পুলিশ তদন্ত
  • মরদেহ উদ্ধার
  • মাদারীপুর
  • মাদারীপুর সদর
  • রহস্যজনক মৃত্যু
  • র‍্যাব
  • শিশু মৃত্যু
  • হত্যা না আত্মহত্যা