ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকার ও সংসদ সদস্যদের ওপর অর্পণ করেছে। তাই দেশের স্বার্থই সব সিদ্ধান্তের মূল বিবেচ্য হওয়া উচিত।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, তাদের রাজনৈতিক দলের মূল দর্শন ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’। তিনি সবসময় দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে প্রাধান্য দিয়ে কথা বলেছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থান বজায় রাখবেন।
তিনি আরও বলেন, এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিকেন্দ্রিক বিষয় নেই। দেশের জন্য যেকোনো ইতিবাচক অর্জন, সফলতা বা আন্তর্জাতিক সফরের মাধ্যমে প্রাপ্ত সম্মান মূলত বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন ও উৎসাহ দেওয়ার জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞ। দেশের মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে সংসদ সদস্যদের ইতিবাচক মনোভাব ও সহযোগিতাকে তিনি স্বাগত জানান।