0
আগামী ৭ নভেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক বাণিজ্য মেলা মাঠে গ্রাম পুলিশের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রস্তুতি সভা আহ্বান করেছে স্থানীয় সরকার বিভাগ। বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা দেবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এতে সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহিদুল হাসান।
গ্রাম পুলিশ ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধে থানাকে সহায়তা, টহল পরিচালনা এবং বিভিন্ন সরকারি দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সদস্যরা তাদের দায়িত্বের তুলনায় অপর্যাপ্ত বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।
বিভিন্ন গ্রাম পুলিশ সংগঠন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তি, বেতন গ্রেড পুনর্নির্ধারণ, রেশন, চিকিৎসা ও ঝুঁকি ভাতা, বকেয়া পরিশোধ এবং অবসরকালীন আর্থিক সুবিধার দাবি জানিয়ে আসছে। স্টেকহোল্ডাররা আশা করছেন সমাবেশকে ঘিরে এই দাবিগুলো গুরুত্ব পাবে।