বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বাড়ির সামনে সাইফুল ইসলাম (৪০) নামে এক ট্রাক মালিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।
নিহতের পরিবার জানায়, সাইফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ শেষে বাড়ির উদ্দেশে রওনা হন। তবে ভোর হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েন। তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ভোরে বাড়ির উত্তর পাশে একটি ঘাসের জমিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা।
নিহতের মেয়ে সাদিয়া বলেন, “প্রতিদিনের মতো শনিবার রাতেও আব্বুর গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি ফেরেননি। পরে বাড়ির সামনের ঘাসে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।”
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, নিহতের গলা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধকে হত্যার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।