ভাঙ্গায় চার গ্রামের সংঘর্ষ: আহত প্রায় ২০০, বাজারে হামলা ও ভাঙচুর

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ দিন আগে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ২০০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বাজারের কয়েকটি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে একপক্ষে ছিল মনসুরাবাদ গ্রামের বাসিন্দারা এবং অপরপক্ষে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন। দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে এসব গ্রামের মধ্যে বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় খাপুরা গ্রামের এক ব্যক্তি মনসুরাবাদ এলাকায় গেলে তাকে মারধর করা হয়। এর জের ধরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে মনসুরাবাদ বাজারে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়।

খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে মনসুরাবাদ গ্রামের ১০ জন এবং অপর তিন গ্রামের ৪ জন রয়েছেন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষ চলাকালে মনসুরাবাদ বাজারের চার থেকে পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • গ্রাম সংঘর্ষ
  • ফরিদপুর খবর
  • বাংলাদেশ গ্রাম সহিংসতা
  • ভাঙ্গা সংঘর্ষ
  • মনসুরাবাদ বাজার
  • স্থানীয় আধিপত্য