ঈদে ভোলায় চালু ‘ফ্রি বাস সার্ভিস’, নিরাপদ যাত্রায় জেলা পুলিশের উদ্যোগ

লেখক: নিজস্ব প্রতিবেদক । ভোলা
প্রকাশ: ১৯ minutes ago

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ভোলা জেলা পুলিশ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত চালু করা হয়েছে ‘ফ্রি বাস সার্ভিস’।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ইলিশা লঞ্চঘাট এলাকায় পরিবহন, লঞ্চ ও ফেরি মালিক সমিতির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে এ সেবার উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।

সভায় তিনি বলেন, ঈদ যাত্রা নিরাপদ করতে যাত্রী ও সংশ্লিষ্ট সকল পক্ষকে সচেতন থাকতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সিএনজি অটোরিকশায় চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করা হয়েছে এবং তিনজনের বেশি যাত্রী বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায় রোধে পরিবহন মালিকদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ‘ইনলেয়ার’ ও ‘আউটলেয়ার’ পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।

জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সহায়তায় ফ্রি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স সেবাও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

আইনশৃঙ্খলা রক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের ‘বডি ওন ক্যামেরা’ ব্যবহারের বিষয়টি চালু করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম এবং ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ঈদ যাত্রা
  • জেলা পুলিশ
  • নিরাপত্তা
  • পরিবহন
  • ফ্রি বাস সার্ভিস
  • বাংলাদেশ
  • ভোলা
  • লঞ্চঘাট